চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত মোট ৩৩ লাখ ২৭ হাজার ৯৫৯ টন খাদ্যশস্য (চাল ও গম) সংগ্রহ ও মজুত করেছে সরকার বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রতিমন্ত্রী বলেন, “সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তির ভিত্তিতে চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করে থাকে। এ সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে ২ লাখ ৩৯ হাজার ৪৩৯ টন ধান এবং চালকল মালিকদের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ টন চাল সংগ্রহ করা হয়েছে।”
তিনি জানান, বৈদেশিক উৎস থেকে ৫ লাখ ১২ হাজার ৮৭৯ টন চাল এবং ৭ লাখ ১৭ হাজার ৪৭১ টন গম আমদানি করা হয়েছে, যা দেশের খাদ্য মজুত শক্তিশালী করতে সহায়তা করেছে।
সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।