জাতীয়

কীটনাশক আমদানিতে ভ্যাট ও অগ্রিম কর মওকুফ

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের সহায়তা জোরদারের অংশ হিসেবে কীটনাশক আমদানির ওপর বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন।

প্রস্তাব অনুযায়ী, কৃষি কাজে ব্যবহৃত কীটনাশকের আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর সম্পূর্ণভাবে মওকুফ করা হবে। এতে কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

কৃষি খাতে কর কাঠামোয় বড় পরিবর্তন প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের বিভিন্ন মৌলিক কৃষিপণ্য ও ভোগ্যপণ্যের ওপর উৎসে করের হারও উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগের ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ হার কমিয়ে ০.৫ শতাংশে নামানোর প্রস্তাব রাখা হয়েছে।

কীটনাশক উৎপাদনের জন্য প্রয়োজনীয় ৩৬টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর সম্পূর্ণ মওকুফের কথা বলা হয়েছে বাজেট প্রস্তাবে। এর ফলে দেশীয় পর্যায়ে কীটনাশক উৎপাদন খরচও কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ০.৬৩ শতাংশ।