জাতীয়

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন,“অভাব থাকলে দুর্নীতির একটা প্রভাব থাকে।”

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার কথা। এক বছর ধরে পে-স্কেল হয়নি, অন্যদিকে নিত্যপণ্যের দাম বেড়েছে। সুতরাং এটা সমন্বয় করা দরকার। বেতন বাড়লে, আয় বাড়বে তখন নিশ্চয় দুর্নীতি কমার কথা।”

অর্থমন্ত্রী বলেন, “বাজেটে পরিষ্কারভাবে চাকরির কথা বলা আছে। বিনিয়োগের জন্য জোর দিচ্ছি কর্মসংস্থানের জন্য। স্কিল ডেভলপমেন্টের জন্য আমরা জোর দিচ্ছি। দক্ষ একজন শ্রমিকের চাকরি দেশে বিদেশে হওয়া খুবই সহজ। এই জন্য স্কিল ডেভলপমেন্ট সংক্রান্ত নানা প্রকল্প হাতে নিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী আ ন ম  এহসানুল হক মিলন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।