জাতীয় সংসদে কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (১৪ মে) আসরের নামাজের আগে বাজেট আলোচনায় দেওয়া বক্তব্যে মনিরুল হক চৌধুরী অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সম্পৃক্ততা এবং নির্বাচনি অভিজ্ঞতা তুলে ধরেন।
কিছু রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বক্তব্যের একপর্যায়ে তিনি ব্যক্তি স্বাধীনতা নিয়ে আলোচনা তোলেন এবং এ ধরনের বিষয় সংসদে কতটা প্রাসঙ্গিক তা নিয়েও প্রশ্ন রাখেন। এ মন্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের একাধিক সদস্য প্রতিবাদ জানান এবং অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একাধিকবার সদস্যদের নিজ নিজ আসনে বসে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “সংসদ জনগণের প্রতিনিধিদের মর্যাদাপূর্ণ আলোচনার স্থান, এখানে শৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডেপুটি স্পিকার বলেন, “বাজেটসহ গুরুত্বপূর্ণ আলোচনার সময় ব্যক্তিগত আক্রমণ বা অপ্রাসঙ্গিক মন্তব্য এড়িয়ে চলা উচিত।” ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যেন না ঘটে, সে বিষয়ে সদস্যদের সতর্ক করেন।
পরে মনিরুল হক চৌধুরী জানান, তার বক্তব্য কাউকে ছোট করা বা ব্যক্তিগতভাবে আঘাত করার উদ্দেশ্যে ছিল না, বরং রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরাই ছিল তার উদ্দেশ্য। কোনো মন্তব্যে কেউ আঘাত পেলে তিনি দুঃখ প্রকাশ করেন।
শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অধিবেশন স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং সদস্যদের পরবর্তী আলোচনায় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।