জাতীয়

আ.লীগকে রাজনৈতিক অধিকার না দিলে স্থিতিশীলতা অর্জন কঠিন হবে

অর্থনীতিকে চাঙ্গা করা এবং আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়নের জন্য এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেছেন, “আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক একটি বড় জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। এই জনগোষ্ঠীর মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।”

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর লক্ষ্যে সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, “এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।”

তার মতে, আওয়ামী লীগ সমর্থকদের রাজনৈতিক অধিকার আইনগতভাবে হরণ করা হলে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা জেল, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দমন করা হলে এই জনগোষ্ঠী নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকবে। ফলে, রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা প্রতিশ্রুতি ও বরাদ্দের ঘোষণা থাকলেও সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।