জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ ভিত্তিহীন: মহিউদ্দিন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলকে নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি দাবি করেছেন, “স্বাস্থ্যমন্ত্রীর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

সোমবার (১৫ জুন) রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শেখ মহিউদ্দিন জানান, লাইসেন্স বাতিলের পর হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি বন্ধ রয়েছে। তবে কয়েকজন গুরুতর অবস্থায় থাকা রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে এবং কিছু অবকাঠামোগত সংস্কার কার্যক্রমও নেওয়া হয়েছে। হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী মঙ্গলবার আপিল করা হবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, “আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক মহল হাসপাতালটির পক্ষে অবস্থান নিয়েছে।

গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে গুরুতর অবহেলা ও জরুরি চিকিৎসা ব্যবস্থার ঘাটতির কথা উঠে আসে বলে জানানো হয়।

তদন্তে বলা হয়, নবজাতকদের অবস্থার অবনতি হলেও সেখানে কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল না এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপস্থিত ছিলেন না। নার্সদের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ উঠে আসে।

এর ভিত্তিতে ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে শোকজ নোটিশ জারি করা হলে তার জবাব পাওয়ার পর ১১ জুন লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়।