নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট।
ফলে এ সড়কে আটকা পড়েছে রাজধানীমুখী হাজার হাজার যানবাহন।
পুলিশ ও পরিবহণ শ্রমিকরা জানান, দুপুরের পর বিভিন্ন জেলা থেকে আসা গরুবাহী ট্রাকের চাপ বাড়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে। গরুবাহী গাড়ির ধীরগতির কারণে বিকেল থেকেই হালকা যানযটের সৃষ্টি হয় সড়কটিতে।
তবে বিকেল ৫টার দিকে টঙ্গাবাড়ী এলাকায় দুটো মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় সড়কটি। এতে যানজট ছড়িয়ে পড়ে সড়কের আশুলিয়া থেকে জামগড়া পয়েন্ট পর্যন্ত। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটো সরিয়ে নেয়।
আশুলিয়া ট্রাফিক পুলিশের টিআই আমজাদ হোসেন রাইজিংবিডিকে জানান, হঠাৎ করে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের ফলে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের কিছু অংশে যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরো সড়কটি যানজটমুক্ত হবে বলে দাবি করেছেন তিনি।
রাইজিংবিডি/৩০ সেপ্টেম্বর ২০১৪/সাকিব/নওশের/কমল কর্মকার