জাতীয়

মিরপুরে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মাহাদি নিহত

নিজস্ব প্রতিবেদকঢাকা, ২০ জুলাই : রাজধানীর মিরপুর এলাকার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী মাহাদির (৩৮) মৃত্যু হয়েছে।

এ সময় তার সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাত দশটার দিকে মিরপুরের দক্ষিণ বেড়িবাঁধ এলাকার প্রিয়াঙ্কা শ্যুটিংস্পটের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গুলিবিদ্ধ মাহাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিরপুর জোনের ডিসি ইমতিয়াজ হোসেন জানান, মাহাদি রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। সম্প্রতি ফজলুল রহমান বাবু নামের এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। আমরা তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম।তিনি আরো জানান, শুক্রবার বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে তার গ্রুপের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশ উল্টো গুলি ছুড়লে মাহাদি গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

রাইজিংবিডি/ এমএএস