বিনোদন ডেস্ক : সিনেমার পর্দায় প্রেমের জোরেই সব সমস্যার সমাধান করে দেন শাহরুখ খান। কিন্তু তার দিলওয়ালে সিনেমার শুটিংয়ের কারণেই এবার বাঁধল সমস্যা। গোয়ায় সিনেমাটির শুটিং চলাকালীন রাস্তা বন্ধ করে দেয়ার কারণে বিতর্কে জড়িয়েছেন তার এ সিনেমার পরিচালক রোহিত শেঠি।
জানা গেছে, গোয়ায় শুটিং চলছিল দিলওয়ালে সিনেমার। শাহরুখ ছাড়াও শুটিংয়ে ছিলেন বরুণ ধাওয়ান। শুটিংয়ের প্রয়োজনেই ইউনিটের লোকেরা শহরের একটি রাস্তা বন্ধ করেন। ঘটনাচক্রে সেটি শহরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার কারণে গোটা শহরেই যানজটের কবলে পড়ে। ইউনিটের এই কাজেই বিতর্কে জড়িয়েছেন পরিচালক।
গোয়াতে সিনেমার শুটিং ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে যে সংস্থা, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তা বন্ধ করার কোনো অনুমতি ছিল না।
গোয়ার এন্টারটেইনমেন্ট সোসাইটির সিইও রামন শতরদেকর এই ঘটনায় প্রবল ক্ষোভ জানিয়ে বলেন, অনুমতি না নিয়ে শুটিং ইউনিট এরকম কোনো কাজ করতে পারে না। এই সোসাইটিই গোয়াতে যাবতীয় শুটিংয়ের পরিচালনা ইত্যাদির ভার নেয়। সংস্থাটির শীর্ষ কর্মকর্তার এই বক্তব্যে বেশ অস্বস্তিতে টিম ‘দিলওয়ালে’। পরিচালকের পক্ষ থেকে এ ঘটনার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি।
রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৫/ফিরোজ