অন্য দুনিয়া

খুলনায় ভূমিকম্পে ভবন দেবে গেছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ভূমিকম্পে শিল্প নগরী খুলনাতে আতংক সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে বেশ কিছু স্থানে ভবনে ফাটল, দেবে যাওয়া ও হেলে পরার খবর পাওয়া গেছে।

 

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সারাদেশের ন্যায় খুলনা বিভাগের ১০জেলার বিভিন্ন এলাকায় মৃদু, মাঝারি ও বড় ধরণের ভূকম্পন অনুভূত হয়। ইউএস জিএস-এর তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।

 

প্রায় মিনিট খানেক স্থায়ী এ ভূকম্পনের মধ্যে নগরীর দাদা ম্যাচ ফ্যাক্টরির পাশে ইব্রাহীম নামের একজনের পাঁচতলা একটি ভবনের নিচতলা দেবে গেছে, হেলাতলা মোড়ের একটি চারতলা ভবন, পিকচার প্যালেস মোড়ে আজমল প্লাজা হেলে পরেছে। একইভাবে বড় বাজারের একটি ভবন হেলে পরেছে। এ ছাড়া মহানগর বিএনপি কার্যালয়ের পাশের একটি ভবনে ফাটল দেখা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময়ে নগরীর বিভিন্ন এলাকায়, অলি-গলিতে সাধারণ মানুষ বাসা ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। অনেক অফিস, দোকানপাট, মার্কেট থেকেও লোকজন আতংকে রাস্তায় নেমে আসে ।

 

এ বিষয়ে খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া কর্মকর্তা আমিরুল আজাদ দুপুর সাড়ে ১২টায় বলেন, ‘ভূমিকম্পন হয়েছে। তবে এ মুহূর্তে আমার কাছে পরিসংখ্যানগত কোনো তথ্য নেই।’

       

রাইজিংবিডি/২৫এপ্রিল ২০১৫/ খুলনা/সেখ ইউসুফ আলী/রুহুল