নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে রোববার দুপুর সোয়া একটার দিকে ভূমিকম্পে বিভিন্ন পোশাক কারখানায় শতাধিক পোশাক শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়েছে।
তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর জেলার অধিকাংশ পোশাক কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পে গার্মেন্ট কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড এ্যাপারেলস কারখানার শ্রমিক আয়েশা (২০), কল্পনা (২২), জোছনা (৩০), পারভীন (২৫), মাসুমা (২০), শামীমা (২৩), তাসলিমা (২৫), মরিয়ম খাতুন (২৪), নূপুর (২৫) পারভীন (২৪) ও শহিদুল (৩০)সহ অনেকে আহত ও অসুস্থ্য হয়।
এ ছাড়া একই ভাবে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুরে অবস্থিত ইউটা ফ্যাশন লিমিটেডের আজিদা খাতুন (২০), রাশিদা (২২), জাকিয়া (২১) ও শিরিন (২৬) আহত হয়। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎক আব্দুস সালাম সরকার জানান, বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ৩০ জন শ্রমিককে ভর্তি, দুই জনকে ঢাকায় রেফার্ড এবং ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রোগী এখনো আসছে।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, গাজীপুরা এলাকার হোপলন, মাহাদি ফ্যাশনসহ তিনটি পোশাক কারখানার ৫৪জন গার্মেন্ট শ্রমিক আহত ও অসুস্থ হয়ে হাসপাতালে আসেন তাদের মধ্য ১০জনকে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ছাড়া কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার নীট এশিয়া লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা একইভাবে নামতে গিয়ে অন্তত ২৫জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় মর্ডান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল মজিদ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশে সহকারি পুলিশ সুপার মাহবুব হোসেন কাজল জানান, ভূমিকম্পের কারণে জেলার কোথাও কোনো কারখানা দেবে যাওয়া বা হেলে পড়ার খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় জেলার প্রায় ৯৯ ভাগ কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
রাইজিংবিডি/গাজীপুর/২৬ এপ্রিল ২০১৫/হাসমত আলী/সনি