সুদীপ দেব নাথ রিমন : এখন চলছে পৌষ মাস। শীতের ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে। এ শীতের মৌসুমে উষ্ণতার পাশাপাশি পোশাকে ফ্যাশনেবল হিসেবেও কদর রয়েছে শাল ও চাদরের।
শপিংমল ও ফ্যাশন হাউসগুলোতে শাল ও চাদর কেনাবেচনার ধুম পড়েছে। নানা ডিজাইনের ফ্যাশনেবল শাল ও চাদর সহজলভ্য দামেই মিলছে। মেয়েদের সেলোয়ার কামিজ ও শাড়ি সঙ্গে বেশ মানায় শাল বা চাদর। পুরুষদের শার্ট ও পাঞ্জাবি সঙ্গে খুব মানায়।
শাড়ির সঙ্গে সাধারণত সুতির বা উলের চাদর বেশি মানানসই হয়। উত্তর ভারতীয় অঞ্চলের শাল পৃথিবী জুড়ে বিখ্যাত। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শাল বেশি ব্যবহার করা হয়। আবার কাশ্মীরি শালের সুখ্যাতি উপমহাদেশের গন্ডি পেরিয়ে বহু আগেই চলে গেছে ইউরোপের মাটিতে।
ঢাকায়তুলনামূলক কম ঠাণ্ডা পড়ে তাই ভারী শাল হলে ব্যবহার করা যায় না। পাতলা শালগুলো বাজারে পশমি শাল নামে পরিচিত। বর্তমানে এই শালের চাহিদা ব্যাপক। নিউমার্কেটে ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে পাওয়া যাবে। তসর ও পশমিনার শালগুলো পাতলা হওয়ায় বহন করতে সুবিধাজনক।
খাদি, তসর, সিল্ক, আন্ডি, ডুপিয়ানের বাইরেও বিভিন্ন উপকরণে তৈরি শাল পাওয়া যাচ্ছে নিউমার্কেটে। দাম ৭০০ থেকে ৩৩০০ টাকা পর্যন্ত। বসুন্ধরা সিটি শপিংমলে খাসমীর চাদরগুলোর দাম পড়বে ১৫০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত।
রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৫/ফিরোজ