খেলাধুলা

ম্যাচসেরা হয়ে যা বললেন শাওন

ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে : নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের তরুণ স্পিনার সালেহ আহমেদ শাওন গাজী বলেছিলেন, ‘নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অন্য কারও টাইম নাই।’ পটুয়াখালীর এ স্পিনার কথাবর্তায় যেমন চটপটে, কাজেও ঠিক তেমনই।

 

মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ৮ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন বাঁহাতি এ স্পিনার। ৮ ওভারের ৪টিই আবার মেডেন ছিল। এ ছাড়া ৪৮ বলের মধ্যে ৪২টি ছিল ডট বল। বল হাতে দারুণ পারফর‌ম্যান্স করায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শাওন।

 

পুরস্কার পেয়ে সংবাদিকদের শাওন গাজী বলেন, ‘ভালো তো অবশ্যই লাগছে। ম্যান অব দা ম্যাচ হলে কে না খুশি হয়! সবাই খুশি হয়।’

 

নিজের শক্তির দিকগুলোকে তুলে ধরে শাওন গাজী বলেন, ‘আমি যখন বোলিং করি, নিজের বোলিংটাই করে যাই। উইকেটের জন্য বোলিং করি না।  উইকেট তো আল্লাহর ইচ্ছা। উইকেট বলে নেওয়া যায় না। আল্লাহর রহমতে আমি বোলিং করলেই উইকেট পাই। আমার যেটা ভালো, আমি একটা জায়গায় বোলিং করে যেতে পারি।’

 

নতুন বলে বোলিং করে বেশ মজা পান শাওন গাজী। বলগুলো উইকেটের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারেন। আর্ম বল করতেও বেশ পটু। নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর নিজের গোপন অস্ত্রগুলো এভাবেই বলে দেন তিনি।

   

রাইজিংবিডি/কক্সবাজার/২ ফেব্রুয়ারি ২০১৬/ইয়াসিন/পরাগ