বিনোদন প্রতিবেদক : প্রথমে শাহরিয়াজকে হিরো হিসেবে দেখা গেলেও সে আসলে ভিলেন। ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাহরিয়াজকে এমন চরিত্রে দেখা যাবে সাহেদ চৌধুরী পরিচালিত আড়াল সিনেমায়। সিনেমাটি ২০১৪ সালের শুরুতে শুটিং শুরু হয়। গত বছরের শেষের দিকে চলচ্চিত্রটির কাজ সম্পন্ন হয়েছে। এতে শাহরিয়াজের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা আঁচল আঁখি ও বিপাশা কবির। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। এখন সেন্সর বোর্ডের ছাড় পত্রের অপেক্ষায় রয়েছে এ চলচ্চিত্রটি। এ প্রসঙ্গে পরিচালক সাহেদ চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। কিছুদিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট পাব। এরপর ভালো দিনক্ষণ দেখে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’ সিনেমার গল্প প্রসঙ্গে শাহ রিয়াজ বলেন, ‘আড়াল সিনেমায় প্রায় সব চরিত্রই আড়ালে থাকে। প্রথমে আমাকে হিরো হিসেবে দেখা গেলেও আসলে আমি ভিলেন। একজন লোককে দেখতে ধার্মিক মনে হয়েছে অথচ সে আসলে অন্য কিছু। পুরো সিনেমাটাই দর্শক টানটান উত্তেজনা নিয়ে দেখবে বলে আশা করছি।’ ত্রিভুজ চলচ্চিত্রের ব্যানারে নির্মিতব্য অ্যাকশন ও থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং ঢাকা বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে হয়েছে। এ সিনেমায় গান থাকছেন মোট পাঁচটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি, পড়শী, বেবী নাজনীন, মুন, আসিফ আকবর ও রিংকু। গানের কথা লিখেছেন মিল্টন খন্দকার, সুদীপ কুমার দীপ ও সোলায়মান বাদশা। সুর ও সংগীতায়োজন করেছেন রবীন ইসলাম।
রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৬/রাহাত/শান্ত