আমিনুল ই শান্ত : গ্রামে একটি ঘোড়ার ডিম মিলেছে। এ ডিম নিয়ে নানারকম কর্মকাণ্ডে মেতেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। তবে বাস্তব জীবনে নয় ঈদের একটি ধারাবাহিক নাটকে এমন দৃশ্য দেখা যাবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন মৌসুমী হামিদ। অশ্বডিম্ব শিরোনামের সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নির্মাতা অনিমেষ আইচ। বিদেশি একটি গল্পের ছায়া অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন এই নির্মাতা। পূবাইলের একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। মৌসুমী হামিদ তার চরিত্র প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, ‘গল্পটি কমেডি ঘরানার। এতে আমি গ্রামের কৃষকের বউয়ের চরিত্রে অভিনয় করছি। কৃষকের বউ হলেও আমি কিছুটা চালাক প্রকৃতির। আমার জামাই সব সময় আমার আঁচলের নিচে থাকে। এর চেয়ে আর বেশি কিছু বলা যাবে না।’আরো দুদিন পূবাইলে নাটকটির শুটিং হবে। এতে আরো অভিনয় করছেন, ফারুক আহমেদ, ভাবনা, ফারহানা মিঠু, রাজিব সালেহীন, মাহমুদুল ইসলাম প্রমুখ। আগামী ঈদুল ফিতরে নাটকটি এনটিভিতে প্রচারিত হবে বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।
রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৬/শান্ত/মারুফ