ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়ন ক্লাব বার্সেলোনা। বাংলাদেশে তাদের অগণিত সমর্থক রয়েছে। সেটা টের পাওয়া যায় বার্সেলোনার খেলার দিন ফেসবুকে ঢু মারলে। বার্সেলোনার জয়ে ফেসবুকে সমর্থকদের স্টাটাসের বান লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্সেলোনার ফ্যান পেজে অসংখ্য বাংলাদেশি ভক্তের লাইক দেওয়া আছে। অনেকে নিয়মিত বার্সার ফ্যান পেজে ঢুও মারেন, সর্বশেষ তথ্য পাওয়ার জন্য। কিন্তু আজ সন্ধ্যায় তাদের চোখ কপালে উঠেছে। কারণ, আজ বার্সেলোনার ফ্যান পেজে ঢুকেই তারা বাংলায় লেখা স্ট্যাটাস দেখতে পেয়েছে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাদের ফ্যান পেজে বাংলায় লিখেছে, ‘আজ কেমন বোধ করছ’। সেটির সঙ্গে পিএসজির বিপক্ষে সেই অবিশ্বাস্য জয়ের দিনে লিওনেল মেসির একটি উদযাপনের ছবিও দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ঘন্টায় ৩৫ হাজার লাইক পড়েছে। স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ৮ হাজার ৫২৯ বার। বাংলাদেশি বার্সেলোনার ভক্তরা একের পর এক কমেন্ট করে যাচ্ছেন। বার্সেলোনার ফ্যান পেজ : রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৭/আমিনুল