বিনোদন

তিশা-ইরফানের ‘কাঠ পুতুলের গল্প’

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ। অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। একটি একক নাটকে আবারো জুটি বেঁধে অভিনয় করলেন তিশা-ইরফান। জাকিয়া সুলতানা লুনার গল্প অবলম্বনে ‘কাঠ পুতুলের গল্প’ নামের নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন সেজান নূর। রোমান্টিক ঘরানার নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। গল্প প্রসঙ্গে পরিচালক জানান, মেডিক্যাল পড়ুয়া তিথি পড়াশুনার ফাঁকে শহরের নানা জায়গায় পথশিশুদের জন্য সেচ্ছাসেবক খুঁজে বেড়ায়। ঘটনাক্রমে ইহানের সঙ্গে পরিচয় হয় তার। তবে এক প্রকার তিক্ততার মধ্য দিয়ে তাদের পরিচয় ঘটে। এক পর্যায়ে তিথিকে বিয়ের প্রস্তাব দেয় ইহান। তখন তিথির অতীত সামনে চলে আসে। কিন্তু ভালোবাসার মূল্যায়ন করে তিথির সব মেনে নিয়েই তাকে বিয়ে করে ইহান। অন্যদিকে তিথির অতীত জানতে পেরে নীলিমা নামের এক মেয়েকে বিয়ে করতে চাপ দেয় ইহানের মা। কিন্তু ইহান কোনোভাবে মায়ের কথায় রাজি হয় না। তবে ইহানের মায়ের কথা মতো সম্পর্ক শেষ করার তাগিদে ইহানকে এড়িয়ে চলতে শুরু করে তিথি। শুরু হয় তিথি-ইহানের সম্পর্কের টানাপোড়েন। এদিকে সংসার ভাঙ্গনের এক পর্যায়ে তিথি জানতে পারে সে মা হতে চলেছে। তারপর গল্পে নতুন মোড় আসে। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আর ইহান চরিত্র রূপায়ন করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়াও অভিনয় করেছেন-সজিব আরেফিন, মিলি বাসার প্রমুখ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে। রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৮/শান্ত/মারুফ