নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে এক সভায় এ তথ্য জানানো হয়। আগামী ১৯ জানুয়ারি ১ হাজার ৪৮৭টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করবে ডিএসসিসি। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১৯ জানুয়ারি সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হবে। ডিএসসিসির পক্ষ থেকে অত্র এলাকায় এই ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৫০১ এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৫ হাজার ১৯০ জন শিশুকে ক্যাপসুল খাওয়াব আমরা। এজন্য ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার কাজ করবেন। তিনি বলেন, ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডের ১৪৮৭টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়াব আমরা। ভিটামিন এ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহ্উদ্দীনসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি সারা দেশে ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৯/আসাদ/রফিক