নিজস্ব প্রতিবেদক: সুব্রত বড়ুয়া বলেছেন, আবদুল হক একজন সত্যসন্ধ বুদ্ধিজীবী। তাঁর নাট্যরচনা, অনুবাদ, দিনলিপি, প্রবন্ধ গবেষণা- সবকিছুর মধ্যেই বড় করে প্রতিভাত হয়েছে দেশপ্রেম, উদার মানবিকতা এবং নিরাপোষ মনোভাব। জন্মশতবর্ষে তাঁকে নিয়ে নতুন করে আলোচনার অবকাশ রয়েছে। শনিবার গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় আবদুল হক : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন অজয় দাশগুপ্ত, সোহরাব হাসান এবং আহমাদ মাযহার। প্রাবন্ধিক বলেন, ‘একজন সার্থক মননশীল প্রাবন্ধিকের চিন্তনপ্রক্রিয়াকে অনিবার্যভাবে যেমন হতে হয় যুক্তিশৃঙ্খলিত তেমনি তার আবেগ-অনুভূতিকেও বাঁধতে হয় বুদ্ধির শাসনে। সাহিত্য ও সমাজ-সংস্কৃতি বিষয়ে বিশ্লেষণে আগ্রহী একজন প্রাবন্ধিককে গভীরভাবে উপলব্ধি করতে হয় সাহিত্যের যাবতীয় গতি-প্রকৃতির পাশাপাশি তার দেশকালের সংকট ও তার উত্তরণমুখী সুদূরপ্রসারী সম্ভাবনাকে। এভাবে তিনি একটি জাতির সামগ্রিক সুখ-দুঃখ, আনন্দ- বেদনার সঙ্গে একাত্ম হন, ব্যাপৃত হন আপন জাতিসত্তার স্বরূপ সন্ধানে। লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেন মাহবুব সাদিক, মাহবুব আজিজ, মারুফ রায়হান, কুমার চক্রবর্তী এবং পাপড়ি রহমান। কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি আতাহার খান এবং ফরিদ কবির। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন এবং অনন্যা লাবণী পুতুল। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে ছিল গোলাম কুদ্দুছের পরিচালনায় ‘বহ্নিশিখা’ এবং খাজা সালাহ উদ্দিনের পরিচালনায় নৃত্যসংগঠন ‘ঘুংঘুর সাংস্কৃতিক একাডেমি’র পরিবেশনা। শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন: সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গনে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক-শাখায় ৮০, খ-শাখায় ১০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এ. এম. এম. মহিউজ্জামান চৌধুরী, ইয়াকুব আলী খান এবং ড. সাইম রানা। শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন: আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ জ্ঞানে ১৪৬ জন এবং উপস্থিত বক্তৃতায় ৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সংগীত পরিচালক কাজী দেলোয়ার হোসেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী অনিমা মুক্তি গমেজ ও ড. আখতারুজ্জাহান। আগামীকালের অনুষ্ঠানসূচি : আগামীকাল অমর একুশে গ্রন্থমেলার দশম দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কথাশিল্পী অমিয়ভূষণ মজুমদার : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মহবিুল আজিজ। আলোচনায় অংশগ্রহণ করবেন হোসেনউদ্দীন হোসেন, মাহবুব সদিক এবং হরিশংকর জলদাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেলিনা হোসেন। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ