নিজস্ব প্রতিবেদক : বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামীকাল। নির্বাচনকে ঘিরে ঢাবি ক্যাম্পাস উচ্ছ্বাস যেমন বইছে, তেমনি আছে শঙ্কাও। যদিও নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে নিরাপত্তায় বিভিন্ন ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থানে ১১৩টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামরা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী। তিনি বলেন, ক্যাম্পাসের ৭টি স্পটে তল্লাশি করবে পুলিশ। স্পটগুলো হলো- শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রুমানা ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং ও হাইকোর্ট ক্রসিং। ইলেকট্রনিক মিডিয়ার চারজন ও প্রিন্ট মিডিয়ার একজন ক্যামেরাম্যান ও দুইজন সাংবাদিক ডিউটি পাস সাপেক্ষে ভেতরে প্রবেশ করতে পারবেন বলে জানান প্রক্টর। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনের আগের দিন অর্থ্যাৎ আজ সন্ধ্যা ৬টা থেকে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়ান থাকবে। সেই সঙ্গে সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত থাকবেন। ড. গোলাম রাব্বানী বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন সেটাই করব। কেউ যাতে পরিবেশ নষ্ট করতে না পারে; সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেটা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পাশাপাশি ওই সময় থেকে পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বহিরাগতদের চলাফেরা ও স্টিকারবিহীন গাড়ি চলতে পারবে না।’ প্রক্টর আরো বলেন, ‘ভোটার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য ও কর্তব্যরত ব্যক্তিরা ছাড়া ক্যাম্পাসের মধ্যে কেউ অবস্থান করতে পারবে না। এমন কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ হলে যারা ভোটার না; তারা থাকতে পারবে না উল্লেখ করে অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘হলগুলোতে শুধু ভোটাররাই থাকবে। হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষকরা সেটি নিশ্চিত করবেন। প্রয়োজনে অভিযানও চালানো হতে পারে।’ রাইজিংবিডি /ঢাকা/১০ মার্চ ২০১৯/ইয়ামিন/ইভা