আইন ও অপরাধ

আবরারকে চাপা দেয়া বাসচালকের সহকারী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় দায়ের মামলায় সু-প্রভাত বাস চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে ডিবি (উত্তর) পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি ডিবি (উত্তর) সূত্র নিশ্চিত করেছে। ওই দিন তিনি (চালকের সহকারী) গাড়ি চালাচ্ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান জানান, আবরার হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ বিষয়ে আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গত ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বিইউপি শিক্ষার্থী আবরার। এ ঘটনায় রাস্তায় নেমে দুদিন বিক্ষোভ- প্রতিবাদ করে শিক্ষার্থীরা। আবরার নিহত হওয়ার পর তার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৯/মাকসুদ/এনএ