জাতীয়

ভবনের নকশা পরিবর্তন করেন তাসভির

জ্যেষ্ঠ প্রতিবেদক : নকশা পরিবর্তন করে বনানীর এফআর টাওয়ার ২৩ তলা পর্যন্ত করেন বিএনপি নেতা তাসভির উল ইসলাম। প্রথমে তিনি ছাদের দুটি ফ্লোর কিনলেও পরে ওপরে আরো দুটি ফ্লোর করেন। শনিরবার রাতে তাসভির উল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ভবনটির ভূমি মালিক ইঞ্জিনিয়ার ফারুক ও ডেভেলপার কোম্পানি রূপায়ন গ্রুপ যৌথভাবে নকশা অনুমোদনের জন্য আবেদন করে। রাজউক ১৮ তলা ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন দেয়। তবে ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর ভবনটিকে ২৩ তলা পর্যন্ত করা হয়। ডেভেলপার কোম্পানি ভবনটির ২০ ও ২১ তলা প্রয়াত প্রাক্তন সংসদ সদস্য মাইদুল ইসলামের কাছে বিক্রি করেন। পরে ফ্লোর দুটি কিনে নেন তাসভির। এরপর তিনি নকশা পরিবর্তন করে ছাদের ওপর আরো দুটি ফ্লোর নির্মাণ করেন। বিভিন্ন সূত্র জানায়, তাসভির উল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি কাশেম ড্রাইসেলস কোম্পানি লিমিডেট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা। এফআর টাওয়ারে ২৫টির মতো অফিস ছিল। গড়ে প্রতি অফিসে ১০০ জন করে কর্মজীবী আসা-যাওয়া করতেন প্রতিদিন। তবে সিড়ি প্রশস্ত মাত্র ৩৬ ইঞ্চি। উল্লেখ্য, বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারের আগুনে ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

       

রাইজিংবিডি/ঢাকা/৩১ মার্চ ২০১৯/মাকসুদ/ইভা/শাহনেওয়াজ