খেলাধুলা

পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার ফন ডাইক

ক্রীড়া ডেস্ক: প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। তার সঙ্গে ২০১৯ সালের ম্যানস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা রহিম স্টার্লিং। রোববার রাতে (২৮ এপ্রিল) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় ফন ডাইকের হাতে। ২০১৮ সালে পিএফএ’র এ অ্যাওয়ার্ড জেতেন মোহাম্মদ সালাহ। এবার সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না মিশরীয় এ তারকা। লিভারপুলের টানা দ্বিতীয় ও মোট অষ্টম খেলোয়াড় হিসেবে এবার পুরস্কার জিতলেন ডাচ তারকা ফন ডাইক। ছয় জনের সংক্ষিপ্ত তালিকায় ফন ডাইক ক্লাব সতীর্থ সাদিও মানে, রহিম স্টার্লিং, সার্জিও আগুয়েরো, বের্নার্দো সিলভা ও ইডেন হ্যাজার্ডকে পিছনে ফেলেছেন। তবে স্টার্লিং ম্যানইস ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড পাওয়ায় কিছুটা সান্তনা পেতে পারেন। মর্যাদার এমন পুরস্কারের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফন ডাইক বলেন, ‘ আমি মনে করি এটা নিঃসন্দেহে বিশেষ কিছু। আমাদের লিগে স্ট্রাইকারদের মান দেখে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা খেলোয়াড়রা বেশ প্রতিভাবান। এই লিগের তারকাদের ভিড়ে নির্বাচিত হওয়াটা আমার জন্য বিশেষ কিছু। পুরো মৌসুমেই আমি এখানে দারুণ অনুভব করেছি। আমরা অনেক ম্যাচে জয় পেয়েছি এবং ম্যানসিটির সঙ্গে শিরোপার লড়াইয়ে রয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ধারাবাহিক থাকা। আশা করছি মৌসুমের শেষ পর্যন্ত আমরা সেটা ধরে রাখতে পারবো। আমার সতীর্থদের সাহায্য ছাড়া এমন পুরস্কার জেতা সম্ভব হতো না। আমি তাদের সঙ্গে দারুণ বোধ করছি।‘ রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/শামীম