খেলাধুলা

ফেসবুক থেকে দূরে থাকার পরামর্শ মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের সময় বাংলাদেশের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ জারির প্রয়োজন নেই বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব এড়াতে তা থেকে সতীর্থদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকের প্রভাব অস্বীকার করার উপায় নেই। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে সৌম্য সরকার বলেছিলেন, ফেসবুকে নেতিবাচক মন্তব্যগুলো প্রভাব ফেলেছিল তার মনে, যা প্রভাব ফেলেছিল তার খেলায়ও। পরে তিনি ফেসবুক ব্যবহার বন্ধ করার কথাও ভেবেছিলেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডের পর ফেসবুকে এক সমর্থককে গালিগালাজ ও মারধরের হুমকি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আরেক ব্যাটসম্যান সাব্বির রহমান। বিশ্বকাপের সময় তাই খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলতে পারলেই ভালো বলে মনে করেন মাশরাফি। বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগে সোমবার মিরপুরে মাশরাফি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের ভালো কিংবা খারাপ ক্রিকেট খেলতে কখনো সাহায্য করবে না। বিশেষ করে আমাদের সামাজিক যোগাযোগমাধ্যম। আমার কাছে মনে হয় এটার দিকে নজর না রাখাই ভালো হবে।’ ‘এটা আবার যার যার ব্যক্তিগত বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তো আমি আছি। কিন্তু এটা আমাকে প্রভাবিত করে না। আমি জানি সাকিবকেও করে না। অন্য কাউকে করতে পারে। যাকে করে সেটা তার বুঝতে হবে। এটার জন্য টিম রুলস জারি করার কিছু নেই। এটা ব্যক্তিগত বিষয়। যেহেতু সমস্যা তৈরি করে এটার থেকে ‍দূরে থাকতে পারলে ভালো। দুইটা মাস পুরো মনোযোগ বিশ্বকাপকেন্দ্রীক থাকা ভালো হবে। আমাদের দল ও দেশের ক্রিকেটের জন্য তাহলে ভালো হবে।’ রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/পরাগ