বিনোদন প্রতিবেদক: চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ২০১৭ সালে শুরু হয় ‘নোলক’ সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষ না হতেই সিনেমাটির পরিচালকের নাম নিয়ে জটিলতা তৈরি হয়। অবশেষে প্রযোজক সাকিব সনেটের নামে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এদিকে পরিচালক রাশেদ রাহা দাবি করছেন ‘নোলক’ সিনেমার পরিচালক তিনি। দাবি জানিয়ে বাংলাদেশ সেন্সর বোর্ডে একটি চিঠিও পাঠিয়েছিলেন এ নির্মাতা। এ প্রসঙ্গে সাকিব সনেট রাইজিংবিডিকে বলেন, ‘নোলক সিনেমার মুক্তি নিয়ে আর কোনো বাধা নেই। আসছে ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, দেশের ভালো ভালো হলগুলোতে সিনেমাটি মুক্তি দিতে পারব।’ ২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং শুরু হয়। এতে অভিনয় করেছেন শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ। দুই বছর আগে জমকালো আয়োজনে ঢাকার একটি হোটেল সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর টানা ২৮ দিন ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং করেন পরিচালক রাশেদ রাহা। শুটিং শেষে দেশে ফেরার পর পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় প্রযোজকের। তারই জেরে পরের লট থেকে প্রযোজক সাকিব ইরতেজা পরিচালক রাশেদ রাহাকে ছাড়াই শুটিং শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে পালটাপালটি অভিযোগে অনেক সময় পার হয়ে যায়। শুরুতে পরিচালক ও প্রযোজক সমিতিতে বিষয়টি নিয়ে অভিযোগ করেন পরিচালক রাশেদ রাহা। অভিযোগের পর চলচ্চিত্রের দুই সমিতি যৌথভাবে পরিচালক ও প্রযোজককে ডেকে পাঠান। মৌখিকভাবে পরিচালককে দিয়ে সিনেমার কাজ শেষ করার সিদ্ধান্ত হলেও তা মানেননি প্রযোজক। তিনি সাকিব সনেট অ্যান্ড টিমের নামে সিনেমার কাজ শেষ করার উদ্যোগ নেন। বিষয়টি বুঝতে পেরে রাশেদ রাহা তার সিনেমার পরিচালকের মালিকানা ফিরে পেতে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি জিডি করেন।
রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/রাহাত/শান্ত