খেলাধুলা

ভিয়ারিয়ালও পেয়ে বসেছিল রিয়ালকে!

ক্রীড়া ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। ভুলে যাওয়ার মতো একটি মৌসুম কাটাচ্ছে লস ব্লাঙ্কোসরা। একের পর এক ম্যাচ হার ও ড্রয়ে ব্যবধান বেড়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের সঙ্গে। মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দলের কাছেও হেরে যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। রোববার তাদের ভয় পাইয়ে দিয়েছিল ভিয়ারিয়ালও। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। ক্যাসিয়ারের জন্য উৎস্বর্গ করা ম্যাচের নায়ক মারিয়ানো। তিনি জোড়া গোল করেছেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি পয়েন্ট হারিয়েছে ঘরের মাঠে। তারা ঘরের মাঠে খেলা ম্যাচগুলোর প্রায় অর্ধেকে জয় বঞ্চিত হয়েছে। তবে আজ রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালোই করেছিল জিদানের শিষ্যরা। ম্যাচের ২ মিনিটেই তারা লিড নেয়।এ সময় রিয়ালকে এগিয়ে নেন মারিয়ানো। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি সফরকারী দল। ম্যাচের ১১ মিনিটেই সমতা ফেরায় ভিয়ারিয়াল। এ সময় আলভারো গঞ্জালেসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল আদায় করে নেন জেরার্ড মরেনো। ম্যাচের ৪০ মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। এ সময় জেসাস ভালেজো কর্নার থেকে আসা বল জালে পাঠান। তাতে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর নিজের জোড়া গোল পূর্ণ করেন মারিয়ানো। এবার তাকে গোলে সহায়তা করেন দানিয়েল কারবাহাল। তাতে ব্যবধান হয় ৩-১। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪) ভিয়ারিয়ালের জাওমি কস্তা গোল করে ব্যবধান কমান। তবে দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি। এই জয়ের ফলে ৩৬ ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৭৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৮৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে শীর্ষে। রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/আমিনুল