ক্রীড়া ডেস্ক : ঘরোয়া ফুটবলের দ্বাদশ ডাবল দিয়ে আরিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরিকে বিদায় জানিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার জার্মান কাপের ফাইনালে আরবি লেইপজিগকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে। যা গেল ১৯ বছরে তাদের নবম জার্মান কাপ শিরোপা। আর ক্লাবটির ইতিহাসে ১৯তম শিরোপা। এই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে শেষবারের মতো মাঠে নেমেছিলেন রিবেরি ও রোবেন। তাদের অবশ্য হতাশ করেননি রবার্ত লেভানডোস্কি। তার জোড়া গোল ও কিংসলে কোমানের গোলে ৩-০ ব্যবধানের জয়ে শিরোপা জিতেই বিদায় জানিয়েছে দুই তারকাকে। জার্মান কাপের ফাইনালে জোড়া গোল করার সুবাদে লেভানডোস্কি সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন। জার্মান কাপে তার মোট গোল ৭টি। শনিবার ফাইনালে লেইপজিগকে কখনোই মনে হয়নি তারা শিরোপা জিততে মাঠে নেমেছে। তাদের উপর প্রভাব বিস্তার করেই খেলেছে বায়ার্ন। তার উপর ছয় সপ্তাহ ইনজুরি কাটিয়ে এই ম্যাচে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নয়ার। তাকে পরাস্ত করতে পারেনি লেইপজিগের ফরোয়ার্ড লাইন। শনিবার রাতে ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। এ সময় ডেভিড আলভার ক্রসে মাথা লাগিয়ে দুর্দান্ত এক গোল করেন লেভানডোস্কি। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। বিরতির পর কিংসলে কোমান গোল করে ব্যবধান বাড়ান। ৮৫ মিনিটের মাথায় লেভানডোস্কি তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় জার্মান জায়ান্টদের। এর মধ্য দিয়ে তারা ১২ বছর বায়ার্নের হয়ে খেলা রিবেরি ও ১০ বছর খেলা রোবেনকে বিদায় জানান। এর আগে জার্মান বুন্দেসলিগার শেষ ম্যাচেও বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন দুই কিংবদন্তি। সেই ম্যাচে গোলও পেয়েছিলেন তারা। শিরোপা জিতেছিল বায়ার্না। রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/আমিনুল