বিনোদন

সজল-ভাবনার ‘গল্পটি শেষ হয়নি’

বিনোদন ডেস্ক: বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে একসঙ্গে কাজ করেছেন আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। এবার ঈদুল ফিতর উপলক্ষে একটি ধারাবাহিক নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন তারা। ‘গল্পটি শেষ হয়নি’ নামের ১০ পর্বের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, নাট্যকলা বিভাগের অধ্যাপক তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে যান। বেড়াতে গিয়ে নানারকম বিড়ম্বনায় পড়েন। তাদেরকে মূলত বিড়ম্বনায় ফেলেন সজল আর ভাবনা। অন্যদিকে অনিক তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যায়। অনিকের স্ত্রীর ইচ্ছে— ভেজা শরীরে তোলা ছবি ফেসবুকে আপলোড করার। অধ্যাপক তাকে ছবি তুলতে সহযোগিতা করতে চায় কিন্তু এ দৃশ্য দেখে ফেলে অধ্যাপকের স্ত্রী সোমা। আর তখন হাজির হয় সজল-ভাবনা। অন্যদিকে অবাক তার বোন বন্যাকে নিয়ে বেড়াতে গিয়ে সজল-ভাবনাদের হোটেলেই ওঠে। অবাক-বন্যার সঙ্গেও সজল-ভাবনার ঝামেলা শুরু হয়। লীনা তার অল্প বয়সি মেয়েকে নিয়েও একই হোটেলে উঠেছে। মা-মেয়ের মাঝেও চলে আসে সজল-ভাবনা। সজল আর ভাবনার অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে পড়ে। অথচ সজল-ভাবনার সম্পর্ক কী তা কেউ বুঝতে পারে না। তারা একই হোটলে আলাদা রুমে থাকে। তাদের যন্ত্রণায় সবার আনন্দ নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে সবাই বিরক্ত হয়ে যখন হোটেল ছেড়ে চলে যাচ্ছে, তখন জানা যায়, কেন সজল-ভাবনা এসব ঘটনার জন্ম দিয়েছে। আর এ কারণ জানার জন্য দর্শকদের নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অবাক, বন্যা, অনিক, নাজিরা মৌ, স্নেহা, কিসলু, লীনা আহমেদ, ঊদয় খান, সোহানসহ অনেকে। ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নাটকটির প্রথম পর্ব প্রচার হবে। পরবর্তী ৯ দিন একই সময়ে নাটকটি প্রচার হবে।

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/শান্ত/মারুফ