বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : সবশেষ ১৯৯৯ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। ২০ বছর পর আবার তাদের ঘরে বিশ্বকাপ। আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি, স্টার স্পোর্টস ১ ও ২। দক্ষিণ আফ্রিকা অবশ্য ১৯৯২ সালের আগে হওয়া চারটি বিশ্বকাপে দর্শকের ভূমিকায় ছিল। ১৯৯২ বিশ্বকাপ দিয়ে বিশ্বকাপে তাদের যাত্রা শুরু হয়। প্রথমবার অংশ নিয়েই তারা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। এরপর বেশ কয়েকটি বিশ্বকাপে তারা দুর্দান্ত খেললেও সেমিফাইনালের গণ্ডি পেরুতে পারেনি। অন্যদিকে ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম পাঁচ আসরে তিনবার ফাইনালে উঠলেও শিরোপাটা অধরাই রয়ে গেছে। সবশেষ ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এরপর গেল চার বছর তারা নিজেদের প্রস্তুত করেছে। ঘরের মাঠে একটা বিশ্বকাপ জেতার জন্য তারা মুখিয়ে আছে। আর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের সেই স্বপ্নযাত্রা শুরু হবে। অবশ্য দুটি দলই তাদের সবশেষ সিরিজে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ইংল্যান্ড জিতেছে ৪-০ ব্যবধানে। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে মার্চে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫-০ ব্যবধানে। সবশেষ এই দুটি দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে। সেবার ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। এবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দল দুটি। তাও আবার উদ্বোধনী ম্যাচেই। শুরুটা কাদের দুর্দান্ত হয় দেখার বিষয়। রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/আমিনুল