ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপে চূড়ান্ত দল থেকে বাদ পড়েও শেষ মুহুর্তের নাটকীয়তায় পাকিস্তান দলে জায়গা হয় মোহাম্মদ আমিরের। আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান লজ্জাজনকভাবে হারলেও বল হাতে দ্যুাতি ছড়ান তিনি। তারপরও ম্যাচ শেষে আমিরের বোলিং নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মিসবাহ-উল-হক। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ব্যাটসম্যানদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে এ দিন ১০৫ রানে অল আউট হয়ে যায় তারা। মামুলি লক্ষ্যের জবাব দিতে নেমে তিন উইকেট হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। দলের এমন রেকর্ড হারের দিনে উইন্ডিজের তিনটি উইকেটই পেয়েছিলেন আমির। পাকিস্তান দলের মোট তিন পেসারের মধ্যে আমির ছাড়া গতকাল মার খেয়েছেন ওয়াহাব রিয়াজ ও হাসান আলী। ওভারপ্রতি গড়ে দশের কাছাকাছি রান দিয়েছেন তারা। অন্যদিকে ৪.৩৩ গড়ে আমির ৬ ওভারে রান দিয়েছেন মাত্র ২৬টি। এমন হিসেবী বোলিং ৩ উইকেটের সবাই আমিরের প্রশংসা করলেও ব্যতিক্রম ছিলেন মিসবাহ। ক্রিকইনফোর সেগমেন্ট 'ম্যাচ ডে'তে ভিডিওবার্তায় আমিরের সমালোচনা করেছেন তিনি। ‘পাকিস্তানের জন্য একটি ইতিবাচক দিক ছিল যে আমির তিনটি উইকেট পেয়েছে। তবে তার বোলিং ফর্ম নিয়ে আমি এখনো উদ্বিগ্ন। কারণ মাত্র ১০৫ রানে দল অলআউটের পর আপনার প্রথম বোলার প্রথম যে ওভারটি করেছে সেটার গড় গতি ছিল ঘন্টায় ৮১ মাইল।' আমিরের নিষ্প্রান বোলিং নিয়ে মিসবাহ আরও বলেন, ‘ (ওর বোলিংয়ে) কোনো সুইং ছিল না, প্রাণ ছিল না এবং তাতে করে প্রতিপক্ষ ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্য পেয়ে যায়। সেখানে আপনার শুধু উপস্থিতি নয় আপনার লড়াইয়ের কথা জানান দিতে হবে। আপনি হাসান আলির দিকে তাকান, ও বল করেছে ৮৮/৮৯ মাইলে। ও হয়তো রান দিয়েছে, কিন্তু বলগুলো মোকাবেলার জন্য গেইল খুব সতর্ক ছিলেন।' চলতি আসরে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ আগামী ৩ জুন। ওই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল। রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৯/শামীম