বিনোদন ডেস্ক : মৌসুমী হামিদ। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোটবেলার ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে মৌসুমী বলেন, ‘‘আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলায় যখন যা চাইতাম তা-ই দেয়ার মতো অর্থনৈতিক অবস্থা তখন হয়তো ছিল না। যা চেয়েছি তার পুরোটা পাইনি হয়তো আংশিক পেয়েছি। ছোটবেলায় এমন ঘটনা বহুবার ঘটেছে। তবে এসব নিয়ে আমি কখনো হতাশ হইনি। যেটা পেয়েছি সেটাতেই খুশি থেকেছি। আব্বু আমাকে বলতেন, ‘অনেকের তো এটুকুও নেই, তোমার তো আছে। তারপরও মন খারাপ করবে কেন?’ আব্বু সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন।’’ তিনি আরো বলেন, ‘আমাদের যা আছে তাই নিয়ে খুশি থাকি না, বরং আরো চাই, আরো চাই, আরো চাই! আমাদের আরো ভালো থাকতে হবে, আরো সুখ লাগবে। আমাদের আরো কাজ লাগবে, আরো বেশি জনপ্রিয়তা লাগবে। এজন্য আমরা যা খুশি তাই করছি। অন্য মানুষের ক্ষতি করছি, কাজে ব্যাঘাত ঘটাচ্ছি, রাজনীতি করছি, যা তা করছি। কিন্তু আব্বু সবসময় একটি শিক্ষা দিয়েছেন- তোমার যা আছে তাতে সুখী থেকো।’ মৌসুমী হামিদ বলেন, ‘দেশে যে হারে রেপ বেড়েছে— ঠিক বুঝতে পারছি না আমরা কোথায় যাচ্ছি! প্রতিদিনই এ ঘটনা ঘটছে। বিষয়টা এমন হয়েছে যে, এ ঘটনা না ঘটলে চলছেই না। ঈদ একটি আনন্দের উৎসব। কিন্তু প্রতিদিনই রেপের মতো খুব বাজে ঘটনা ঘটছে। সকালে ঘুম থেকে উঠে এ ধরনের নিউজ যাতে পড়তে না হয়, এটাই বাংলাদেশের জন্য আমার প্রত্যাশা। কন্যাসন্তান জন্ম দিয়ে কোনো বাবা-মাকে যেন চিন্তিত না হতে হয়। আমার মেয়ে হয়েছে, হায় হায় এখন তার ভবিষ্যত কী হবে? এমন ভাবনা যেন কোনো বাবা-মায়ের ভাবতে না হয়। দেশের মানুষের কাছে এমনটাই প্রত্যাশা। ঈদ সবার ঘরে আনন্দের বার্তা বয়ে আনুক। সবার জন্য ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন।’ রাইজিংবিডি/ঢাকা/ ৭ জুন ২০১৯/শান্ত/তারা