ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচ যেতেই বড় ধাক্কা আফগানিস্তান শিবিরে। চোটের কারণে আসর থেকে ছিটকে পড়েছেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। বড় স্বপ্ন নিয়ে এবার বিশ্বকাপ শুরু করেছে এশিয়ার নবীনতম দল আফগানিস্তান। তবে আসরের শুরুতেই তারকা খেলোয়াড়ের চোটে হতাশ আফগান ভক্তরা। হাঁটুর চোটে শাহজাদের আর খেলা হচ্ছে না চলতি বিশ্বকাপ। তার পরিবর্তে আফগানিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ইকরাম আলী খিল। আইসিসির টেকনিক্যাল কমিটি আফগান দলে এ পরিবর্তন অনুমোদন দিয়েছে। গত বছর আফগানিস্তানের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ইকরাম আলীর। চলতি আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে হারের চেয়ে শাহজাদকে আর না পাওয়া বড় দুঃসংবাদ তাদের জন্য। ৩১ বছর বয়সী এ তারকা শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের পক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শাহজাদ। এসময়ে ৫৫ ইনিংসে ১ হাজার ৮৪৩ রান করেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন শাহজাদ। কিন্তু মূল আসরে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই খেলতে দেখা গেছে শাহজাদকে। কিন্তু ইনজুরির মাত্রা বেড়ে যাওয়ায় পরবর্তী ম্যাচগুলোতে আর খেলা হবে না তার। রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৯/শামীম