বিনোদন

‘হ্যাপি ডেইজ’ নাটকের দুই প্রদর্শনী

বিনোদন ডেস্ক: আগামীকাল শুক্রবার মঞ্চস্থ হবে নাটক ‘হ্যাপি ডেইজ’। এদিন বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় নগরীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হবে। ফ্রান্স অ্যাম্বাসি প্রযোজিত নাটকটির পরিবেশনায় রয়েছে মণিপুরি থিয়েটার ও হৃৎমঞ্চ।

স্যামুয়েল বেকেটের লেখা ‘হ্যাপি ডেইজ’ নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী ও শাহীন কবীর। এর অভিযোজন ও সম্পাদনা করেছেন শুভাশিস সিনহা ও জ্যোতি সিনহা। নাটকটি নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করবেন জ্যোতি সিনহা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র (৩০তম আবর্তন) জহির সুমনের চিকিৎসা সহায়তায় মঞ্চায়িত হতে যাচ্ছে নাটকটি। টিকিটের মূল্য ১০০/২০০/৩০০/৫০০ ও ১০০০ টাকা। অগ্রিম টিকিট বুকিং: ০১৭১৭-৩৮৬৬৪৬।

এ প্রসঙ্গে নির্দেশক শুভাশিস সিনহা জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সুমনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন। মেধাবী, প্রাণচঞ্চল, শিল্পতৎপর এই সম্ভাবনাময় তরুণকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে পাশে দাঁড়ানো জরুরি। হ্যাপি ডেইজ’র প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সুমনের চিকিৎসা সহায়তায় দেয়া হবে। এছাড়া যে কেউ স্বপ্রণোদিত হয়ে বিশেষ সহায়তামূলক অর্থ প্রদান করতে পারেন।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্দেশক জানান, ‘হ্যাপি ডেইজ’ নাটকে উইনি নামে এক নিঃসঙ্গ নারীকে দেখা যাবে। যার স্বপ্নময় জীবনের দৈনন্দিন সব ছেলেখেলার মধ্য দিয়ে মানুষের অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সঙ্গে অনর্গল কথা বলে যায়। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেমাকুতি ফুটে উঠে।

মূল বইয়ের দুই একটি সংলাপে অথর্ব, অক্ষম পুরুষ-চরিত্র উইলির উপস্থিত থাকলেও এ প্রযোজনায় তাকে অনুপস্থিত রাখা হয়েছে। কিন্তু স্ত্রী উইনির ঘণ্টাব্যাপী কথা-ক্রিয়ার মধ্যে সে বর্তমান থাকে। সে জীবিত নাকি মৃত, সে প্রশ্নের মীমাংসাও হয়তো হয় না। কিন্তু উইনি তাকে নিয়ে জীবনের এক আনন্দময় দিনের স্বপ্ন দেখে চলে, তাকে নিজের মতো করে সাজিয়ে চলে, যা কোনোদিনই তার জীবনে আসে না।

নাটকটির মঞ্চ, আলো, সংগীত পরিকল্পনা করেছেন শুভাশিস সিনহা। মঞ্চ নির্মাণ করেছেন শাহনাজ জাহান, সহযোগী: আসফিকুর রহমান। আলোক প্রক্ষেপণ: আসলাম অরণ্য, সহযোগী: আরিফ সাকিল। সংগীত প্রক্ষেপণ: হুমায়ুন আজম রেওয়াজ, সহযোগী: শর্মিলা সিনহা ও স্বর্ণালী সিনহা। স্টেজ ম্যানেজার: পারভেজ সরকার।

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/শান্ত