ক্রীড়া ডেস্ক: চলতি বিশ্বকাপ ক্রিকেটে আজ রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে প্রতিবেশী আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। লিডসের হেডিংলিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
দিনের অপর ম্যাচে ট্রান্স-তাসমান দ্বৈরথে মুখোমুখি অপর দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। লর্ডসে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
আফগানিস্তান-পাকিস্তান
৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয়ে অবস্থান করছে সরফরাজের দল। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে এখনো কোন জয় পায়নি আফগানরা। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ’৯২ এর চ্যাম্পিয়নদের।
ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। টুর্নামেন্টের শুরুর দিকে বাজে ফর্ম কাটিয়ে দল ফিরেছে চেনা ছন্দে। দক্ষিন আফ্রিকা ও নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে টানা দুই জয়ে বেশ উজ্জীবিত সরফরাজরা।
সাত ম্যাচ পেরিয়ে গেলেও এখনো যেন সেরা একাদশই খুঁজে পায়নি আফগানিস্তান। একাদশে নিয়মিত রদবদল তো আছেই তার সাথে যোগ হয়েছে মাঠের বাইরের বিতর্ক। উইকেটকিপার শাহজাদকে বাদ দেয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। নতুন করে আবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশে ফেরত পাঠানো হয়েছে পেসার আফতাব আলমকে। দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তাই একটা জয় অন্তত দরকার আফগানদের।
এ ম্যাচে লড়াই হবে মূলত পাকিস্তানের পেস বনাম আফগানিস্তানের স্পিন। আমির, শাহিনশাহ, ওয়াহাব রিয়াজরা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছেন নিয়মিতই। স্পিনবিষে ব্যাটসম্যানদের ঘায়েল করছেন মুজিব, রশীদ খানও।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান।
এদিকে এ ম্যাচ গুরুত্বপূর্ন বাংলাদেশের জন্যও। পাকিস্তান আজ জিতে গেলে সেমির লড়াইটা আরো কঠিন হয়ে উঠবে বাংলাদেশের জন্য। খুব করে তাই পাকিস্তানের পরাজয়টা চাইতেই পারেন টাইগার সমর্থকরা।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একে থাকা অজিরা এরই মধ্যে নিশ্চিত করেছে সেমিফাইনাল। ১১ পয়েন্ট নিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে কিউইরাও।
ম্যাচটি একদিক থেকে কিউইদের জন্য প্রতিশোধেরও। ২০১৫ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই হেরেছিল তারা।
স্টার্ক, বেরেনডর্ফ, ওয়ার্নার, ফিঞ্চদের কল্যানে টানা জয়ে উড়ছে অস্ট্রেলিয়া। তাই দলে আজ পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে নিউজিল্যান্ড। এখনো পর্যন্ত চলতি বিশ্বকাপে একই একাদশ নিয়ে খেলা দলে আজ একাধিক পরিবর্তন আনতে পারেন কেন উইলিয়ামসন। মিচেল স্যান্টনারের বদলি হিসেবে দলে আসতে পারেন ইশ সোধি আর ফর্মহীনতায় ভোগা টম লাথামও বাদ পড়তে পারেন আজ।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলের দশ দেখায় সাতটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও অনেক এগিয়ে অস্ট্রেলিয়া তবে সাম্প্রতিক ফর্ম বলছে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে আজ।
রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/নুরুল