বিনোদন ডেস্ক: মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা থিয়েটারের আলোচিত প্রযোজনা ‘ধাবমান’। আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে নাটকটি। এটি রচনা করেছেন সেলিম আল দীন। নির্দেশনায় রয়েছেন শিমূল ইউসুফ।
এদিকে নির্দেশক জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র (৩০তম আবর্তন) জহির সুমন। বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন। মেধাবী, প্রাণচঞ্চল, শিল্পতৎপর এই সম্ভাবনাময় তরুণকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে পাশে দাঁড়ানো জরুরি। তার চিকিৎসা সহায়তায় মঞ্চায়িত হতে যাচ্ছে ‘ধাবমান’ নাটকটি। এজন্য সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ জানান তিনি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন— শিমূল ইউসুফ, শহীদুজ্জামান সেলিম, এশা ইউসুফ, নাসরিন নাহার, রোজী সিদ্দিকী, সামিউন জাহান দোলা, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, সাজ্জাদ আহমেদ রাজিব, রনি হোসাইন, তারিকুল ইসলাম লিটন, মোস্তফা রতন, নার্গিস আক্তার, তাসলিমা চুমকি, জয়শী মজুমদার লতা, শাহজাদা সম্রাট, সউদ চৌধুরী, সৌজন্য অধিকারি, ওয়াহিদ আনসার হিল্লোল, রজব আলী প্রমুখ।
নাটকটির মিউজিক, সেট ও প্রপস তৈরি করেছে— শিমূল ইউসুফ, লাইট ডিজাইন: নাসিরুল হক খোকন, কস্টিউম ডিজাইন: শিমূল ইউসুফ ও নাসরিন নাহার, কোরিওগ্রাফি: শিমূল ইউসুফ ও এশা ইউসুফ।
রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/শান্ত