আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে আজই বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে এ বৈঠক হবে বলে ট্রাম্প জানিয়েছেন।
রোববার দক্ষিণ কোরিয়া সফর শুরু করেছেন ট্রাম্প। স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এবং ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এ সময় জানিয়েছেন, তিনি দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিকৃত এলাকায় যাবেন আজ।
ট্রাম্প বলেন, ‘চেয়ারম্যান কিমের সঙ্গে আমি বৈঠক করব, আমি এর থেকে অনেক বেশি প্রত্যাশা করছি। আমরা অত্যন্ত সুসম্পর্ক সৃষ্টি করেছি। তিনি আমাকে বোঝেন এবং আমি তাকে বুঝি। কখনো এটি অনেক ভালো কিছুর দিকে নিয়ে যেতে পারে।’
এর আগে শনিবার সকালে জাপান সফরকালে টুইটবার্তায় উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন,দক্ষিণ কোরিয়া সফরের সময় উনের সঙ্গে তিনি হাত মেলাতে চান এবং তাকে হ্যালো বলতে চান। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া বৈঠকে উনের যোগদানের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের এই প্রত্যাশাকে ‘আকর্ষনীয় পরামর্শ’বলে জানিয়েছিল পিয়ংইয়ং। রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/শাহেদ