নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯২১ সালের ১ জুলাই শুরু হয় পথচলা। দীর্ঘ এ চলার পথে উচ্চ শিক্ষায় যেমন নেতৃত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি, তেমনি পথ দেখিয়েছে বাঙালি জাতির ক্রান্তিলগ্নেও।
অবহেলিত পূর্ব বাংলার বিভিন্ন কর্মক্ষেত্রে নতুন প্রজন্মের নেতৃত্ব সৃষ্টিতে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ বিশ্ববিদ্যালয়ের টিউটরিয়াল, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক সুবিধার নিয়ম-নীতি অক্সফোর্ডের আদলে তৈরি করা হয়েছিল। এ কারণেই এক সময় এ বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো।
প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’।
৯৯তম বছরে পদার্পণ উপলক্ষে এরই মধ্যে ক্যাম্পাস বর্ণিল সাজে সেজেছে। বিভিন্ন হল, বিভাগ, অনুষদ আর ইনস্টিটিউট হাতে নিয়েছে নানা কর্মসূচি। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কার্জন হল, কলা ভবন, বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন, টিএসসিসহ বেশ কিছু ভবনে বাহারি রঙের বাতির ছড়াছড়ি। বিশ্ববিদ্যালয়ের করিডরগুলো সাজানো হয়েছে বেলুন, ফেস্টুন আর আলপনায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ‘মুজিববর্ষ ২০২০’ এবং ‘বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎসব ২০২১’ এর আগমনী বার্তা। এ দু’টি বেঞ্চমার্ককে সামনে রেখে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবসম্মত ও বিজ্ঞান ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সকাল ১০টার পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক ভব সংলগ্ন মলে জমায়েত, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা, সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী সংগীত পরিবেশন এবং উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গমন।
আজ বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ এফ এম সিরাজুল ইসলাম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে। চারুকলা অনুষদের উদ্যোগে বেলা ৩টায় অনুষদ প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা, দুপুর সাড়ে ১২টায় টিএসসি থেকে সাইকেল শোভাযাত্রা এবং বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ডাকসুর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী স্ব স্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করছে। রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/ইয়ামিন/ইভা