জাতীয়

বিকেলে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সোমবার বিকালে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৭২০ বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন এবং বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন।

এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছিলেন, প্রধানমন্ত্রীর এ সফরে রোহিঙ্গা সমস্যাটিই আলোচনার মুখ্য বিষয়বস্তু হবে এবং এই সময়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে।

সূত্রমতে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট (বিজি ১৭২০) সোমবার বিকালে দালিয়ানের উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

বিমানটি কাল স্থানীয় সময় ১২টা ২৫ মিনিটে দালিয়ান ঝৌশুজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। দালিয়ান সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আগামীকাল সকালে সামার দাভোস সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

শেখ হাসিনা দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ক্লস শোয়াবের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিকালে ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।

বিকেলে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শোয়াবের দপ্তরে অনুষ্ঠেয় ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

৩ জুলাই বিকেলে প্রধানমন্ত্রী বেইজিংয়ের লিজেনডাল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন।

৪ জুলাই শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্রেট হল অব দ্য পিপলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় অংশ নেবেন। বিকালে শেখ হাসিনা সিসিপিআইটিতে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিজনেস গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

৫ জুলাই সকালে প্রধানমন্ত্রীর চাইনিজ থিংক ট্যাংক ‘পাঙ্গোয়াল ইনস্টিটিউশন’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে।

চীনের বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা শেখ হাসিনার সঙ্গে হোটেলে দেখা করার কথা রয়েছে এবং এনপিসির চেয়ারম্যান লি ঝাংশুর সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বিকালে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দিয়াওইয়ুতাই রাষ্ট্রীয় অতিথিশালায় বৈঠকে মিলিত হবেন। তিনি একই স্থানে চীনা প্রেসিডেন্টের আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।

চীন সফর শেষে প্রধানমন্ত্রী বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৬ জুলাই বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং একই দিন বাংলাদেশ সময় বেলা ৩টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’স অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস ২০১৯-এ অংশ নিতে দালিয়ানে বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৮শর বেশি প্রতিনিধি অংশ নেবেন।

তাদের মধ্যে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিভিন্ন অঙ্গনের শিল্পীরাও থাকবেন।

সম্মেলনে নেতারা বিশ্বের পরিবেশগত চ্যালেঞ্জ, আঞ্চলিক প্রতিযোগিতা, অর্থনৈতিক বৈষম্য ও কারিগরি সংকটের সঙ্গে কীভাবে খাপ খাওয়ানো যায়, তার একটি নতুন কৌশলগত উপায় সম্পর্কে মতামত ব্যক্ত করবেন। রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/হাসান/লাকী