সারা বাংলা

শিক্ষকের গায়ে কেরোসিন, ছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শিক্ষকের শরীরে কেরোসিন ঢেলে দিয়ে লাঞ্চিত করার দায়ে চট্টগ্রামের বেসরকারি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদকে তার অফিস থেকে বাইরে বের করে এনে শরীরে কেরোসিন ঢেলে দেয় ইংরেজী বিভাগের মাস্টার্সের ছাত্র মাহমুদুল হাসান। এই ঘটনায় বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার দিলীপ কুমার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

খুলশি থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, দুপুরে ইউএসটিসির ইংরেজী বিভাগের কতিপয় ছাত্র বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এর এক পর্যায়ে মাস্টার্সের ছাত্র মাহমুদুল হাসান তার বিভাগের প্রবীণ শিক্ষক মাসুদ মাহমুদকে তার অফিস কক্ষ থেকে বের করে এনে গায়ে কেরোসিন ঢেলে দেয়।

পূর্ব পরিকল্পিতভাবে এই শিক্ষককে লাঞ্চিত করার জন্য এই ধরনের ঘটনার অবতারণা করা হয়েছে বলে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ধারনা করছেন। ঘটনার পর পরই খবর পেয়ে খুলশি থানা পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় দায়েরকৃত মামলায় মাহমুদুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/০৩ জুলাই ২০১৯/রেজাউল/লাকী