খেলাধুলা

দ্রুত মাদ্রিদে ফিরব: রোনালদো

ক্রীড়া ডেস্ক: দ্রুত মাদ্রিদে ফেরার আশা করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।  পর্তুগিজ সুপারস্টার গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিতে মাদ্রিদে গিয়েছিলেন।  সেখানে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সাক্ষাতও হয়েছিল রোনালদোর।  অনুষ্ঠানে নিজের বক্তব্যে মাদ্রিদে ফেরার কথা জানান রোনালদো।  জুভেন্টাসের এ তারকা মার্কা লিয়েন্ডা অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

স্পেনের সবথেকে সফল ও জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে এক যুগ কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।  রিয়াল মাদ্রিদে থাকাকালিন চারটি ব্যালন ডি’অর জিতেছেন সিআর সেভেন। চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন চারবার। এছাড়া দুটি লা লিগার শিরোপা, দুটি কোপা দেল রের শিরোপা জিতেছেন।  দলটির হয়ে ৪৩৮ ম্যাচে গোল পেয়েছেন ৪৫০টি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো।  সেখানে সফলভাবে নিজের মিশন শেষ করার পর রোনালদো পাড়ি জমান ইতালিতে, জুভেন্টাসে।  স্পেন ছাড়লেও তার কৃতিত্বের জন্য তাকে পুরস্কৃত করেছে মার্কা।  গতকাল তার হাতে তুলে দেওয়া হয় মযার্দার মার্কা লিয়েন্ডা অ্যাওয়ার্ড।

নিজের বক্তব্যে রোনালদো বারবারই মাদ্রিদে ফেরার কথা বলেন।

‘আমি খুব কষ্ট পাচ্ছিলাম যখন আমি মাদ্রিদ ছেড়ে যাচ্ছিলাম।  আমি ম্যানচেস্টার এবং মাদ্রিদ খুব মিস করে কারণ দুটোই আমার জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে।  মাদ্রিদে আমি বেশি সময় কাটিয়েছি।  আমার ছেলে এবং মেয়ে এখানে জন্মেছে।  এ কারণে মাদ্রিদকে বেশি মিস করি।’

 

‘আজকের ট্রফিটি আমার মিউজিয়ামের ভালো একটি জায়গায় থাকবে।  মাদ্রিদ সব সময়ই আমার কাছে স্পেশাল।  আমি বিশ্বের অনেক জায়গা ঘুরেছি কিন্তু মাদ্রিদ সব সময়ই শীর্ষে থাকবে।  আজকের ট্রফিটি বলে দেয় আমি মাদ্রিদে কতোটুকু জনপ্রিয়।  স্প্যানিশ এ ট্রফিটি আমাকে সম্মানিত করছে।  এর পেছনে যারা ছিলেন তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা।  আশা করছি আমি দ্রুত মাদ্রিদে ফিরব।’

রোনালদোর কাছে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল, তার সাফল্যভান্ডারে যে কয়েকটি ট্রফি আছে তার মধ্যে কোনটি বেশি স্পেশাল? রোনালদো বরাবরের মতোই তার দেশের হয়ে জেতা ইউরোর শিরোপাকে এগিয়ে রেখেছেন।

‘আমি জীবনে কোথায় গিয়ে দাঁড়াব তা কখনো ভাবিনি।  শুধু চিন্তা করেছি আমাদের পেশাদার ফুটবলার হতে হবে।  আমার জন্য প্রত্যেকটি শিরোপা একই গুরুত্ব বহন করে। কিন্তু ইউরোর মুকুট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।  এটার সাথে অন্যটির কোনো মিল নেই।  আপনি যখন দেশের হয়ে কিছু জিতবেন তখন সেটার গুরুত্ব ভিন্ন থাকবে।  এটাই আমার জীবনের সেরা অর্জন।’

রোনালদোকে জুভেন্টাসে উড়িয়ে নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য।  প্রথম মৌসুমে মিশন সফল হয়নি। এবার কি হবে? রোনালদোর উত্তর সোজাসাপ্টা,‘আমি নিশ্চিত করে বলতে পারছি না যে আমরাই শিরোপা জিতব। তবে আমরা চেষ্টা করবো।  আশা করছি জুভেন্টাসই জিতবে।’ রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/ইয়াসিন