বিনোদন

আজ ‘শেষ সংলাপ’

বিনোদন ডেস্ক: সময় নাট্যদলের আলোচিত প্রযোজনা ‘শেষ সংলাপ’। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ৮২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

মিশরের নাট্যকার তাওফিক আল হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী।  নাটকটির নির্দেশনায় রয়েছেন আকতারুজ্জামান।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্দেশক  আকতারুজ্জামান বলেন, ‘‘মিসরের সুলতান উত্তরাধিকারী হিসেবে তার পালিত পুত্রকে সেনাধ্যক্ষ মনোনীত করেন। কিন্তু তার এ পুত্র ক্রীতদাস। দুর্ভাগ্যবশত সুলতান তার মৃত্যুকালে মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয় কিন্তু কীভাবে এই সমস্যার সমাধান হবে? আইনি পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে! কোন পথ বেছে নেবেন সুলতান? এই জটিল সমস্যার শৈল্পিক রূপ দেখা যাবে ‘শেষ সংলাপ’ নাটকের গল্পে।’’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, চন্দন, রুমা, মানসুরা আক্তার লাভলী, ইয়ামিন জুয়েল, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি প্রমুখ।

‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন— শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায়— ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায়— কমল খালিদ, পোশাক পরিকল্পনায়— আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।

২০০৯ সালের ২৫ ডিসেম্বর প্রথম মঞ্চে আসে নাট্যদলটির ২৯তম এই প্রযোজনা। রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/শান্ত