ক্রীড়া ডেস্ক: সাও পাওলোর অ্যার্টনি জেনারেল অফিস জানিয়েছে, নেইমারের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছিল তার কোনো প্রমাণ পায়নি ব্রাজিল পুলিশ।
ফলে পুলিশ তদন্তের কাজ স্থগিত করেছে। পুলিশের তদন্তের প্রতিবেদন মঙ্গলবার প্রোটিকিউটরের কাছে পাঠানো হবে। পরবর্তীতে ১৫ দিনের মধ্যে বিচারক মামলার রায় প্রদান করবেন। অ্যার্টনি জেনারেল অফিসের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিএসজির তারকা নেইমারের বিরুদ্ধে ব্রাজিলিয়ান এক মডেল নাজিলা অভিযোগ করেন, গত মে মাসে তাকে প্যারিসের একটি হোটেলে ধর্ষণ করা হয়! বিষয়টি গণমাধ্যমে আসার পর নেইমারের ওপর চাপ বাড়তে থাকে। বেশ কয়েক সপ্তাহ ধরেই নেইমার ছিলেন হেডলাইনে। অবশ্য নেইমার শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছিলেন এবং এ নিয়ে তিনি সরাসরিও কথা বলেন।
ব্রাজিলিয়ান মডেল পরবর্তীতে টিভিতে সাক্ষাৎকারে সরাসরি নেইমারের বিরুদ্ধে অভিযোগ করেন এবং ব্রাজিল পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ নাজিলার বিরুদ্ধে মানহানির মামলা করেছিল।
ইনজুরির কারণে ঘরের মাঠে কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। তবে মাঠের বাইরে এ ঘটনায় নেইমার ছিলেন বেশ ব্যস্ত। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। নেইমারের মতো রোনালদোর বিরুদ্ধে আসা অভিযোগও মিথ্যা প্রমাণিত হয়।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/ইয়াসিন