বিনোদন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা

বিনোদন ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ‘আইসক্রিম’খ্যাত অভিনেতা শরিফুল রাজ। নগরীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর রাইজিংবিডিকে বলেন, ‘রাজ গত পরশু দিন তেজগাঁও শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছে। তার রক্তের প্ল্যাটিলেট ২৭০০০-তে নেমে গেছে । চিকিৎসকরা রক্ত জোগাড় করতে বলেছিলেন। সেসবের ব্যবস্থা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, রাজ এখন অনেকটা ভালো আছে।’

২০১০ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন শরিফুল রাজ। প্রথম দিকে মিডিয়ায় পথচলা তার জন্য সহজ না হলেও হাল ছাড়েননি তিনি। এরপর দেশের নামিদামি অনেক ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেন। নাম লেখান চলচ্চিত্রে। সম্প্রতি এ অভিনেতা চুক্তিবদ্ধ হয়েছেন ‘পরাণ’ সিনেমায়। এটি নির্মাণ করছেন ‘পোড়ামন ২’খ্যাত পরিচালক রায়হান রাফি। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/শান্ত/মারুফ