বরগুনা প্রতিনিধি: আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের জন্য ২য় দফা আবেদনের শুনানি চলছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতে মিন্নির জামিনের আবেদনের ওপর শুনানি শুরু হয়। দুপুর ১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আদালতে প্রবেশ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে জামিনের শুনানি চলছে।
মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম জানান, জামিন আবেদনের পক্ষে আইনি সহায়তা দেওয়ার জন্য আইন ও সালিশ কেন্দ্র থেকে অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট নিলা গোস্বামী এবং সংস্থাটির লিগ্যাল এইড প্রধান ও ঢাকা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী মো. ফারুক আহম্মেদ ছাড়াও ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট শাহিদা তালুকদার ও অ্যাডভোকেট এ জেড এম শহীদুজ্জামানসহ প্রায় ৩০ জন আইনজীবী শুনানিতে অংশ নিচ্ছেন।
গত ২৩ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারি আসলাম এই জামিনের আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে ৩০ জুলাই শুনানির তারিখ ধার্য করেন। নির্ধারিত দিনে আজ শুনানি শুরু হয়।
রিফাত শরীফ হত্যা মামলায় গত ১৬ জুলাই মিন্নিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন জানানো হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের ৩য় দিনে স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি দিতে রাজি হন মিন্নি। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, মিন্নির জামিনের জন্য প্রথম দফায় আবেদন আদালতে নামঞ্জুর হয়েছে। রাইজিংবিডি/বরগুনা/৩০ জুলাই ২০১৯/রুদ্র রুহান/টিপু/শাহনেওয়াজ