বিনোদন

বিরতি নিচ্ছেন এড শিরান

বিনোদন ডেস্ক : সংগীত থেকে সাময়িক বিরতি নিচ্ছেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান।

দীর্ঘদিন ধরে তার ডিভাইন ট্যুর নিয়ে ব্যস্ত এ গায়ক। বিশ্বের প্রায় ২৫০টির মতো স্থানে কনসার্টে অংশ নিয়েছেন তিনি। পরিবার ও বন্ধুদের সময় দিতেই তিনি ১৮ মাসের বিরতিতে যাচ্ছেন। 

যুক্তরাজ্যের ইপসুইচে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে এড শিরান বলেন, ‘আপনারা হয়তো জানেন, আমি প্রায় দুই বছর ধরে ডিভাইন ট্যুর করছি এবং আজ এর শেষ দিন। এটা অনেকটা মিশ্র অনুভূতি। আমি খুশি আপনারা এখানে এসেছেন এবং ইপসুইচে এটি শেষ হচ্ছে। সম্ভবত এটি আগামী ১৮ মাসে আমার শেষ পারফরম্যান্স।’

তিনি আরো বলেন, ‘আমরা পৃথিবীর প্রায় সব স্থানে গান করেছি। অসাধারণ সব স্থান— যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, আস্ট্রেলিয়া, এশিয়া, দক্ষিণ আমেরিকা সব জায়গায় অনেক আনন্দ পেয়েছি। এখানে আসার আগে আমাকে বলা হয়েছে, ট্যুর শেষে প্রায় ৯ মিলিয়ন মানুষের সামনে গাওয়া হবে। এটি আমার জীবনের সবচেয়ে বড় ট্যুর।’

শিরান বলেন, ‘এই অনুভূতি অনেকটা প্রেমিকার সঙ্গে ব্রেকআপের মতো, যার সঙ্গে আপনি অনেকদিন সম্পর্কে ছিলেন। শুনতে হয়তো অদ্ভুত মনে হচ্ছে, তবে এই ট্যুর অনেক দীর্ঘ ছিল। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেয়ার জন্য। এটি আমার শেষ গান। ১৫ বছর বয়সে এটি লিখেছি। কয়েক বছর পর আবারো আপনাদের সঙ্গে দেখা হবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/মারুফ