বিনোদন ডেস্ক: সংগীত ভুবন থেকে অবসরের ঘোষণা দিলেন র্যাপার নিকি মিনাজ।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘সংসার করার জন্য আমি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আপনারা এখন খুশি। ভক্তদের বলছি, আমার মৃত্যু পর্যন্ত প্রতিনিধিত্ব করে যাবেন। নয়তো সবাই আমাকে ভুলে যাবে। আজীবন আপনাদের ভালোবেসে যাব।’
২০০৯ সালে প্রথম গানে চুক্তিবদ্ধ হন নিকি। এর পরের বছরই তার প্রথম অ্যালবাম ‘পিংক ফ্রাইডে’ প্রকাশ করেন, যা পরবর্তীতে শীর্ষ স্থানে জায়গা করে নেয়। তার দ্বিতীয় অ্যালবাম ‘পিংক ফ্রাইডে: রোমান রিলোডেড’-ও বিলবোর্ডে শীর্ষস্থান পায়। এছাড়া তার আরো কিছু অ্যালবাম ভালো বিক্রি হয়। আমেরিকান আইডলের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন নিকি। পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন।
দীর্ঘ এক দশকের সংগীত ক্যারিয়ারে দশ বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন নিকি। ২০১৭ সালে গায়িকা হিসেবে সবচেয়ে বেশিবার ‘বিলবোর্ড হট ১০০’ তালিকায় নাম লেখিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েন তিনি। এছাড়া পাঁচবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন এ গায়িকা। শুধু তাই নয়, প্রথম নারী র্যাপার হিসেবে ১০০ মিলিয়ন অ্যালবাম এবং সিঙ্গেল বিক্রির জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার কাছ থেকে সনদও পেয়েছেন নিকি।
এর আগে গত মাসে তার কুইন রেডিও শোতে এ গায়িকা জানান, ৮০ দিনের মধ্যে বয়ফ্রেন্ড কেনেথ পেটিকে বিয়ে করবেন তিনি। এমনকি টুইটারে নিজের নাম পরিবর্তন করে মিসেস পেটি রাখেন। গত বছরের ডিসেম্বর থেকে প্রেম করছেন এ জুটি। রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৯/মারুফ