সুদূর অস্ট্রেলিয়াতে পড়তে যায় একটি মেয়ে। সেখানে তার ভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়ে উঠে। বাংলাদেশে যেভাবে জীবন যাপন করেছে বিদেশে ঠিক তেমনটা নয়। সেখানে নিজের কাজ নিজেরই করতে হয়। অথচ মেয়েটি তার অভ্যাসবশত চলতে থাকে। তা ছাড়া ঢাকার ধনী পরিবারের মেয়েটি তার নিজের দেশের সংস্কৃতিকেও সঠিকভাবে লালন করে না।
নতুন পরিবেশে খাপ-খাইয়ে চলতে কিছুটা সময়েরও প্রয়োজন হয়। মেয়েটিকে বাসায় থাকতে দেওয়ার কারণে শুরু হয় নানা জটিলতা। মেয়েটির কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্ব ও দূরত্ব। প্রশান্ত মহাসাগরের পাড়ে সিডনীতে বসবাসরত একটি সুখী পরিবারের নেমে আসে অশান্তি। এই জটিলতার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘প্রশান্ত নীল জলে’।
জিনাত হাকিম রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন আজিজুল হাকিম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আজিজুল হাকিম, শাহীন শাহনেওয়াজ, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, সানজিদা টিটু, রহমত উল্লাহ, নমিরা, আফসানা রুচি, মাসুদ, একেএম শফিক রুবেল ও কিশোয়ার প্রমুখ।
আজ শুক্রবার বিকেল ৩টায় বেসরকারি টেলিভিশন চ্যানেলে আইয়ে প্রচার হবে টেলিফিল্মটি। ঢাকা/শান্ত