জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধন ২ অক্টোবর

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা আগামী ২ অক্টোবর উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন দেশের ৩৪টি টেলিভিশন চ্যানেলের সবকটির জন্য এই স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এরপর দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে স্থানীয় টিভি চ্যানেলের অধিকাংশই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সফলভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার করছে। এরইমধ্যে এই স্যাটেলাইটের সামর্থের ৪০ শতাংশ বিক্রি করা সম্ভব হয়েছে।

গত ১৯ মে বিসিএসসিএল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভির সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার নিয়ে একটি চুক্তি হয়।

পাশাপাশি বিটিভির চারটি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচারে এই স্যাটেলাইট ব্যবহার করছে। এরইমধ্যে টেলিভিশনগুলোর সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে।

প্রসঙ্গত, ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস গত বছরের নভেম্বর মাসে বিএস-১ এর নিয়ন্ত্রণ কর্তৃত্ব বিসিএসসিএলর কাছে হস্তান্তর করে। ২০১৮ সালের ১২ মে ফ্লোরিডা থেকে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

বিএস-১ এর প্রথম পরীক্ষামূলক সম্প্রচার করা হয় ২০১৮ সালে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নের অনুষ্ঠান ।

পাশাপাশি বিসিএসসিএল প্রতিবেশী চারটি দেশসহ ছয়টি দেশে বিএস-১ এর বাজারজাত ও বিক্রয়ের জন্য আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম থাইকন দুই বছরের জন্য ভাড়া করা হয়।

থাই ফার্মটি বতর্মানে বিশ্বের ২০টি দেশে কাজ করছে। ১১৯.১ পূর্ব জিওস্টেশনারি স্লটে অবস্থিত বিএস-১ সার্ক দেশসমূহ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরিগিজস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান এবং কাজাখস্তানের কিছু অংশ কাভার করবে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা নেপাল এবং ভূটান বেশি কভারেজ পাওয়ায় এই ছয়টি দেশ প্রাথমিকভাবে ব্যবসার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

টিভি চ্যানেলগুলোর জন্য ডাইরেক্ট টু হোম সাভির্সসহ স্যাটেলাইটগুলো পরিচালিত হবে।

 

ঢাকা/হাসান/ইভা