টলিউড বা বলিউডের কোনো তারকা বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন এমন খবর এখন আর গুঞ্জন নয়। একটা সময় ছিল যখন এ ধরনের গুঞ্জনকে অনেকেই ফাঁকা বুলি বলে উড়িয়ে দিতেন। তবে এখন সময় বদলেছে। এদেশে হলিউড বা বলিউডের অভিনেতারা প্রায়ই অভিনয় করতে আসছেন। সেই তালিকায় যুক্ত হলো পূজা চোপড়ার নাম।
সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে বাংলাদেশের ‘অ্যাডভোকেট সুরাজ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন বলিউডের মডেল ও অভিনেত্রী পূজা চোপড়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক ও অভিনেতা শামস হাসান কাদির, মিডিয়া এক্টিভিস্ট আমিনুল ইসলাম শাওন, বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক মাস্টার সৌরভ। সিনেমাটি পরিচালনা করবেন সিবি জামান।
পূজা চোপড়া ২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া’ নির্বাচিত হয়ে সবার নজরে আসেন। নির্মাতা মধুর ভাণ্ডারকারের হাত ধরে চলচ্চিত্রে নাম লেখান। এরপর বেশ কয়েকটি ভাষার চলচ্চিত্রে অভিনয় করে ইতোমধ্যেই লাইমলাইটে এসেছেন এই অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।
ঢাকা/রাহাত সাইফুল/তারা