বিনোদন

মীরাক্কেল: কলকাতায় অডিশন দিবে ১২ বাংলাদেশি

ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-বাংলার দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’। এই প্রতিযোগিতার সিজন ১০-এর জন্য বাংলাদেশ থেকে ১২ প্রতিযোগী চূড়ান্ত হয়েছেন। কিন্তু নির্বাচিতদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

নির্বাচিত এই ১২ প্রতিযোগী সরাসরি মীরাক্কেলের মূল মঞ্চে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে কথা হয় মীরাক্কেলের সাবেক প্রতিযোগী ও বাংলাদেশ অংশের অন্যতম বিচারক ইশতিয়াক নাসিরের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘প্রাথমিক বাছাইয়ে ঢাকা থেকে ১২ প্রতিযোগী টিকিট পেয়েছেন। কিন্তু এই ১২ প্রতিযোগী সরাসরি মীরাক্কেলের মূল মঞ্চে উঠতে পারবেন না। কারণ এদেরকে কলকাতায় গিয়ে আরো দুটি ধাপ পার হতে হবে। এরপরই মূল পর্বের জন্য চূড়ান্ত হবেন।’

জানা যায়, পূজার পর কলকাতায় অডিশন দিবে বাংলাদেশি প্রতিযোগীরা। এরপর গ্রুমিংয়ে অংশ নিবেন তারা। তারপর মূল মঞ্চের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কারণ গত দুই সিজন ভালো না হওয়ায় এবার চুলচেরা বিশ্লেষণের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

গত ২৭ সেপ্টেম্বর নগরীর গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে বাংলাদেশি প্রতিযোগীর অডিশন হয়। এতে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি। বাংলাদেশ থেকে বিচারকের দায়িত্ব পালন করেন— আবু হেনা রনি, ইশতিয়াক নাসির, কমরউদ্দিন আরমান প্রমুখ।

২০০৬ সালে যাত্রা শুরু করে ‘মীরাক্কেল’। এ পর্যন্ত ৯টি সিজন শেষ হয়েছে এই স্ট্যান্ড আপ কমেডির। এর বিভিন্ন সিজনে বিচারকের আসনে দেখা গেছে, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়কে। অতিথি বিচারক হিসেবে উপস্থিত থেকেছেন চিত্রনায়ক জিৎ, আবিরসহ অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীর আফসার আলী। ঢাকা/শান্ত